 শরীয়তপুর প্রতিনিধি | তারিখ: ২৮-০১-২০১৩
শরীয়তপুরে ২০০৫ সালে ক্রমিক বোমা হামলার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ মো. সাজেদুল করিম এ রায় ঘোষণা করেন। শরীয়তপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা হজরত আলী সাংবাদিকদের এ তথ্য জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামের কামরুজ্জামান ওরফে স্বপন ও একই জেলার ডামুড্যা উপজেলার মালগাঁও গ্রামের মালেক হোসেন ওরফে মালেক জেহাদি। তাঁদের উপস্থিতিতে আজ রায় ঘোষণা করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ জানুয়ারি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, জেলা ও দায়রা জজ প্রাঙ্গণ এবং আরও দুটি স্থানে বোমা হামলা হয়। ওই দিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে শরীয়তপুর সদর থানায় একটি মামলা করে। পরে পুলিশ চারজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীত হয়।
অভিযোগপত্রে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়খ আবদুর রহমান, দ্বিতীয় শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, কামরুজ্জামান ওরফে স্বপন এবং মালেক হোসেন ওরফে মালেক জেহাদিকে আসামি করা হয়।
ঝালকাঠিতে দুই বিচারককে বোমা হামলা চালিয়ে হত্যা মামলায় ২০০৭ সালে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ কারণে এই মামলা থেকে তাঁদের অব্যাহতি দিয়েছেন আদালত।
রায়ে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন ।
রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মো. কামরুল হাসান জানিয়েছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
(Source: Prothom Alo) (Link: http://www.prothom-alo.com/detail/date/2013-01-28/news/324793)
|