সমকাল ডেস্ক
নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ, নারায়ণগঞ্জের বন্দর ও কুড়িগ্রামের চিলমারীর অধিবাসীরা। নতুন সীমানা নির্ধারণের প্রতিবাদে এরই মধ্যে ওইসব স্থানে বিক্ষোভ, ঘেরাও, আন্দোলন শুরু হয়েছে। ভেদরগঞ্জে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
শরীয়তপুর :শরীয়তপুর-৩ আসনের (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) ভেদরগঞ্জকে শরীয়তপুর-২ আসন নড়িয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করায় তা বাতিলের দাবিতে ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। সোমবার সকাল ১১টায় ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভেদরগঞ্জ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান বেপারী কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান বেপারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আবদুল মান্নান হাওলাদার, মুজাহিদ মাঝি, মো. সালাউদ্দিন মাদবর, শফিকুল ইসলাম রাঢ়ী, আবুল বাশার চোকদার, মুন্না শিকদার প্রমুখ।
কুড়িগ্রাম/চিলমারী :চিলমারী উপজেলাকে ভাগ করে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সোমবার চিলমারীতে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি চিলমারীর ইউএনওর মাধ্যমে দেওয়া হয়েছে। সকালে চিলমারী ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলা নির্বাচন অফিস ঘেরাও করে। প্রায় দু'ঘণ্টা ঘেরাও কর্মসূচি পালন শেষে এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন_ মামুনুর রশিদ, রুকুনুজ্জামান শাহীন, আবদুল মোত্তালিব, আবু আবদুল্লাহ সিদ্দিক শুভ, একেএম ফজলুল হক প্রমুখ।
সমাবেশে অযৌক্তিকভাবে সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কমিশনার আবু হাফিজকে দায়ী করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
(Source:Shamokal) (Link: http://www.shamokal.com/)
|